শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ জুলাই আন্দোলনে গুলির মামলায় আসামি দিলীপ আগরওয়ালা, চাওয়া হয়েছিল ১০ দিনের রিমান্ড প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের নতুন পথচলা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার: সিআইডির মামলায় অর্থ পাচারের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ১০০ ফিট সড়ক দখলে, উচ্ছেদের আশ্বাসেই দায়িত্ব শেষ? ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি ঝিনাইদহে বিএনপি নেতা আনোয়ারের বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজি,দখলবাজিসহ নানা অভিযোগ চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন ১০০ নারী

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম: / ২৪ টাইম ভিউ
আপডেটের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ছয়টি সংবাদমাধ্যমের ১৭ জন সাংবাদিককে পুরস্কৃত করেছে বসুন্ধরা গ্রুপ। ‘জুন-২০২৬ সেরা সাংবাদিক’ সম্মাননার আওতায় নির্বাচিত সাংবাদিকদের হাতে সনদপত্র ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ)-এর চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী ও ডিএমডি ফাইন্যান্স ইমরুল হাসান।

এ সময় জানানো হয়, দেশ ও মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমগুলো থেকে প্রতি মাসে ১২ জনকে মাসসেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে জুন মাসের সেরা সাংবাদিকদের এই সম্মাননা দেওয়া হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁঞা (লোটন একরাম) ও নির্বাহী সম্পাদক আফাজ উদ্দিন বিপ্লব, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস এবং নিউজ২৪ টিভির হেড অব নিউজ শরিফুল ইসলাম খানসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জুন-২০২৬ মাসের সেরা সাংবাদিক হিসেবে কালের কণ্ঠ থেকে পুরস্কার পেয়েছেন শিমুল মাহমুদ। তাঁর প্রতিবেদনের শিরোনাম ছিল ‘চরম দুরবস্থায় সরকারি মেডিক্যাল কলেজ : শিখন ঘাটতিতে ডাক্তারি ডিগ্রি’।

একই সংবাদমাধ্যমের সজীব আহমেদ পুরস্কৃত হয়েছেন ‘এক রিচার্জে ১৮০-২০০ ডিজিট, বিপাকে গ্রাহক’ শীর্ষক প্রতিবেদনের জন্য। চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক আখন্দ সম্মাননা পেয়েছেন ‘কর্তার দাপটে পূর্বাঞ্চল রেলওয়ের অফিস হয়ে গেল রেস্ট হাউজ, কেনাকাটায় অনিয়ম’ শিরোনামের প্রতিবেদনের জন্য।

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে পুরস্কৃত হয়েছেন ইলিয়াস সরকার। তাঁর প্রতিবেদনের শিরোনাম ‘মৃত্যুদণ্ড নিয়ে কনডেম সেলে এক দশক : শিউলির পর এবার মুক্তি পাচ্ছেন মাশকুরা’। ইকরাম-উদ-দৌলা সম্মাননা পেয়েছেন ‘১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে’ শীর্ষক প্রতিবেদনের জন্য।

এ ছাড়া আবির রহমানের ‘কেপ ভার্দে-কুরাসাও পারলে বাংলাদেশ কেন পেছনে’, জিএম মুজিবুরের ‘ইট-পাথরের নগরে হারিয়ে যাচ্ছে পাখির আবাস, সংকটে বাস্তুতন্ত্র’ এবং চট্টগ্রাম ব্যুরোর মিজানুর রহমানের ‘পাহাড় হারাচ্ছে চট্টগ্রাম, বাড়ছে ঝুঁকি’ শীর্ষক প্রতিবেদন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন থেকে সম্মাননা পেয়েছেন শামীম আহমেদ। তাঁর প্রতিবেদনের শিরোনাম ‘কোটি টাকার কাগুজে গাছ দিচ্ছে না ছায়া!’। মাহবুব মমতাজী পুরস্কৃত হয়েছেন ‘অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া’ শীর্ষক প্রতিবেদনের জন্য। ইমরান রহমানের ‘ভয়ংকর জম্বি এখন বাংলাদেশে’ শিরোনামের প্রতিবেদনটিও পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

ডেইলি সান থেকে এহসানুল হক জসিম ও আসাদুল ইসলাম যৌথভাবে ‘Environmental justice turns into a wild goose chase’ শীর্ষক প্রতিবেদনের জন্য সম্মাননা পেয়েছেন। রফিকুল ইসলাম পুরস্কৃত হয়েছেন ‘SDG deadlines loom, PWD workforce still untapped’ শিরোনামের প্রতিবেদনের জন্য। মৌসুমী ইসলাম সম্মাননা পেয়েছেন ‘Can high rates revive investment?’ শীর্ষক প্রতিবেদনের জন্য।

নিউজ২৪ ও টি-স্পোর্টসের সংবাদকর্মীরাও এই স্বীকৃতির আওতায় এসেছেন। নিউজ২৪-এর সাজ্জাদ হোসেন পুরস্কৃত হয়েছেন ‘ঘুষের ফাঁদে প্রবাসীর স্ত্রী, তাৎক্ষণিক অ্যাকশনে প্রতিমন্ত্রী’ শীর্ষক প্রতিবেদনের জন্য।

অন্যদিকে, টি-স্পোর্টসের মোমিন রোহন সম্মাননা পেয়েছেন ‘বাবা হাসপাতালের প্রহরী, ছেলে জাকির বাংলার উসাইন বোল্ট, নতুন কুঁড়ির সেরা বালক স্প্রিন্টার’ শিরোনামের প্রতিবেদনের জন্য।

‘দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ’—এই স্লোগান সামনে রেখে বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে প্রতি মাসেই এ সম্মাননা কার্যক্রম পরিচালনা করা হবে। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সব সময় সাধারণ মানুষের কল্যাণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর ঘোষণার আলোকে মানসম্পন্ন প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ফাইন্যান্স ইমরুল হাসান বলেন, গ্রুপের প্রতিটি সংবাদমাধ্যম থেকে মানসম্মত প্রতিবেদন নির্বাচন এবং মূল্যায়নের ক্ষেত্রে মিডিয়া ম্যানেজমেন্ট ও নির্ধারিত কমিটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এতে বিভিন্ন বিটের সংবাদ ও প্রতিবেদনের গুণগত মান যথাযথভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে উপস্থিত সম্পাদকরা সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকলে সাংবাদিকেরা আরও দায়িত্বশীল, অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন তৈরিতে উৎসাহিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
WEBSITE DEVELOPED BY MH ANTU